আফ্রিদিকে বুমরার মতো বোলিং করতে বললেন ওয়াকার
নতুন বলে উইকেট নেওয়ার জন্য শাহিন শাহ আফ্রিদির যত পরিচিতি, পাকিস্তানের এই তরুণ ফাস্ট বোলারের ইনসুইং যেকোনো ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য দুশ্চিন্তার কারণ। লাইন-লেংথ ঠিক থাকলে নতুন বল হাতে শাহিন হয়ে উঠতে পারেন ভয়ংকর। কিন্তু এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চেনা আফ্রিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ৩ ম্যাচ খেলে আফ্রিদি নিয়েছেন মাত্র ৪ উইকেট।
এমন পারফরম্যান্সের পর প্রশ্ন জাগে, হঠাৎ কী হলো আফ্রিদির? পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসকে এই প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি, ‘আমি বুঝতে পারছি না। তার ফিটনেসে হয়তো কোনো সমস্যা আছে।’ তবে তিনি আরও যোগ করেন, ‘বোলিংয়ে শৃঙ্খলার অভাব দেখছি। মনে হচ্ছে সে উইকেটের জন্য অতিরিক্ত চেষ্টা করছে।’
